Durnitibarta.com
ঢাকারবিবার , ১৫ মার্চ ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

রোববার এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হবে মির্জা আব্বাসকে

প্রতিবেদক
Dhaka Office
মার্চ ১৫, ২০২৬ ১২:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

উন্নত চিকিৎসার জন্য রোববার (১৫ মার্চ) সিঙ্গাপুরে নেয়া হবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে। ওইদিন বেলা ১১টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর নেওয়া হবে। শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় মির্জা আব্বাসের ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামীকাল রোববার বেলা ১১টায় এয়ার অ্যাম্বুলেন্সযোগে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়া হবে। তার সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস এবং জ্যেষ্ঠ সন্তান মির্জা ইয়াসির আব্বাস ভাশন তার সঙ্গে যাবেন।

শুক্রবার (১৩ মার্চ) রাজধানী এভারকেয়ার হাসপাতালে মস্তিষ্কে অস্ত্রোপচারের পর বর্তমানে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। শনিবার সকালে তার মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয়, যার রিপোর্ট ভালো এসেছে বলে জানিয়েছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম।

বিকেলে তিনি জানান, সকালে উনার (মির্জা আব্বাস) সিটি স্ক্যান করা হয়েছে। রিপোর্ট ভালো এসেছে। মেডিকেল বোর্ডের চিকিৎসকরা সার্বক্ষণিক তাকে দেখছেন। ক্লোজ মনিটরিংয়ে আছেন তিনি।

গত বুধবার (১১ মার্চ) ইফতারের সময় অসুস্থ হয়ে জ্ঞান হারান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। পরে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরমধ্যেই শুক্রবার শারীরিক অবস্থার অবনতি হলে বিশেষজ্ঞ চিকিৎসকদের গঠিত মেডিকেল বোর্ড সবকিছু পর্যালোচনা করে দেশেই মির্জা আব্বাসের অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।

পরবর্তীতে শুক্রবার বিকেলে এভারকেয়ার হাসপাতালে প্রথম দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর সন্ধ্যায় দ্বিতীয় দফায় অস্ত্রোপচার শেষে তাকে নিউরো আইসিইউতে স্থানান্তর করা হয়। এরপর থেকে মেডিকেল বোর্ডের চিকিৎসকদের ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে আছেন তিনি।

মির্জা আব্বাসের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডে অধ্যাপক আলী উজ্জামান জোয়ার্দার ছাড়াও অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক রাজিউল হক, সৈয়দ অধ্যাপক সাঈদ আহমেদ, অধ্যাপক কাদের শেখ ও অধ্যাপক শফিকুল ইসলামসহ এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকরা রয়েছেন।

এদিকে নিয়মিত বিএনপির জ্যেষ্ঠ এই নেতার শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।