ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অক্টোবর-২০২৬ মাসের মাসিক কর্মমূল্যায়নে অপরাধ বিভাগের মধ্যে শ্রেষ্ঠ বিভাগ নির্বাচিত হয়েছে মিরপুর বিভাগ এবং শ্রেষ্ঠ থানার স্বীকৃতি পেয়েছে মিরপুর মডেল থানা।
রোববার (২২ নভেম্বর) সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সের ৬ষ্ঠ তলার সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উত্তম কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে পুলিশ কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ, বিপিএম-সেবা।
থানার ক্যাটাগরিতে মিরপুর মডেল থানা প্রথম হওয়ার পাশাপাশি দ্বিতীয় স্থানে রয়েছে তুরাগ থানা এবং তৃতীয় স্থানে রয়েছে কামরাঙ্গীরচর থানা।
অন্যান্য ক্যাটাগরিতে পুরস্কৃতদের মধ্যে সহকারী পুলিশ কমিশনারদের মধ্যে প্রথম হয়েছেন মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মোঃ আবদুল্লাহ আল মামুন পিপিএম এবং দ্বিতীয় হয়েছেন শ্যামপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মোঃ এহসানুল হক।
শ্রেষ্ঠ এসআই ক্যাটাগরিতে প্রথম হয়েছেন মিরপুর মডেল থানার এসআই মোঃ দেলোয়ার হোসেন, দ্বিতীয় সায়দাবাদ ফাঁড়ির এসআই মোঃ রাকিব হোসেন এবং তৃতীয় সবুজবাগ থানার এসআই মোঃ জহুরুল ইসলাম। এএসআইদের মধ্যে প্রথম হয়েছেন মোহাম্মদপুর থানার এএসআই মোঃ নাদের আলী, দ্বিতীয় মিরপুর থানার এএসআই এসএম সানোয়ার হোসেন এবং তৃতীয় হাজারীবাগ থানার এএসআই গোলাম রব্বানী।
এছাড়া গোয়েন্দা বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে গোয়েন্দা-লালবাগ বিভাগ এবং শ্রেষ্ঠ টিম লিডার নির্বাচিত হয়েছেন গোয়েন্দা-ওয়ারী বিভাগের ওয়ারী জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ ফজলুল করিম পিপিএম-সেবা। ট্রাফিক বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে ট্রাফিক-গুলশান বিভাগ। শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্টদের মধ্যে প্রথম হয়েছেন বাড্ডা-ট্রাফিক জোনের সার্জেন্ট নয়ন কারন এবং দ্বিতীয় হয়েছেন পল্লবী-ট্রাফিক জোনের মোঃ আশিকুর রহমান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) ও অতিরিক্ত দায়িত্বে যুগ্ম পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স) মোঃ ফারুক হোসেন। এ সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ আবুল বাশার তালুকদার, মোঃ শফিকুল ইসলাম (বিপিএম, পিপিএম), মোঃ মাসুদ করিম, আবদুল কুদ্দুস চৌধুরী (পিপিএম-সেবা), মোহাম্মদ ওসমান গণি (পিপিএম)-সহ বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) উপস্থিত ছিলেন।

