বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দলের প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী ও সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম মনির।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে মঙ্গলবার সকালে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাজারে যান। এ সময় তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে মাজারে পুষ্পার্ঘ অর্পণ করেন এবং মরহুম নেতার আত্মার মাগফিরাত ও দেশবাসীর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত ও ফাতিহা পাঠ করেন।
মাজার জিয়ারত শেষে মনিরুল ইসলাম মনির বলেন, “আজকের এই পবিত্র দিনে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি ক্ষণজন্মা পুরুষ, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে। একই সাথে স্মরণ করছি আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি আজীবন গণতন্ত্রের জন্য লড়াই করে গেছেন। যুবদলের প্রতিটি নেতাকর্মী শহীদ জিয়ার আদর্শ ও দেশনেত্রীর সংগ্রামের পথ অনুসরণ করে গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে অতন্দ্র প্রহরীর মতো সজাগ রয়েছে।”
এ সময় তার সাথে ঢাকা মহানগর উত্তর যুবদলের বিভিন্ন থানা এবং ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

