ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় দেয়াল চাপায় মোহসিন ইসলাম (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। নিহত মোহসিন হোসেন ওই ওয়ার্ডের ইউপি সদস্য সাইফুল ইসলামের ছেলে।
এনায়েতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বুলবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ইউপি সদস্য সাইফুল ইসলামের ছেলে মোহসিন হোসেন বেলা ১২ টার দিকে নারিস পোল্ট্রি ফিডের ময়লা ফেলার গর্তের দেয়ালের কাছে খেলতে যায়। এসময় হঠাৎ ওই দেয়াল ধ্বসে পড়ে ওই শিশু গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়।
নারিশ পোল্ট্রি ফিডের শাখা ম্যানেজার খোকন মিয়া বলেন, আমাদের একজন ডিলারের ছেলে দেয়াল চাপায় মারা গেছে শুনেছি। তবে, আমি ছুটিতে আছি।
ওসি (তদন্ত) মো. সফিকুল ইসলাম বলেন, এই বিষয়ে থানায় কেউ কিছু জানায়নি বা কোন অভিযোগ করেনি।

