Durnitibarta.com
ঢাকাবুধবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

গৌরীপুরে সাংবাদিক শাহ আলমগীরের মৃত্যুবার্ষিকী পালিত

প্রতিবেদক
Mym Office
ফেব্রুয়ারি ২৮, ২০২৪ ৫:৫১ অপরাহ্ণ
Link Copied!

আল ইমরান: দেশবরেণ্য সাংবাদিক পিআইবির সাবেক মহাপরিচালক শাহ আলমগীর এর২৮ ফেব্রুয়ারী ৫ম মৃত্যুবার্ষিকী। তার এ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে জাতীয় শিশু-কিশোর সংগঠন চাঁদের হাট, অগ্রদূত নিকেতন আদর্শ উচ্চ বিদ্যালয়, যুগান্তর স্বজন সমাবেশ ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গৌরীপুর শাখার উদ্যোগে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল, ও স্মরণ সভার আয়োজন করে।

তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। শাহ আলমগীর ২০১৩ সালে পিআইবির মহাপরিচালকের দায়িত্ব পান। ২০২৩সনে তাকে সাংবাদিকতায় (মরণোত্তর) একুশে পদকে ভূষিত করা হয়। সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তিনি কবি আবু জাফর ওবায়দুল্লাহ সাহিত্য পুরস্কার ২০০৬, চন্দ্রাবতী স্বর্ণপদক ২০০৫ সহ বেশকিছু সম্মাননা অর্জন করেন।

প্রায় ৪০ বছর সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন শাহ আলমগীর। উপমহাদেশের প্রথম শিশু-কিশোর পত্রিকা সাপ্তাহিক কিশোর বাংলা পত্রিকায় ১৯৮০ সালে যোগ দেওয়ার মাধ্যমে তিনি এ পেশা শুরু করেন। এরপর তিনি কাজ করেন দৈনিক জনতা, বাংলার বাণী, আজাদ ও সংবাদ পত্রিকায়। ১৯৯৮ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত যুগ্ম বার্তা-সম্পাদক হিসেবে প্রথম আলোতে দায়িত্ব পালন করেন। এরপর তিনি চ্যানেল আইয়ের প্রধান বার্তা সম্পাদক হিসেবে কাজ শুরু করেন। এরপর একুশে টেলিভিশনে হেড অব নিউজ, যমুনা টেলিভিশনে পরিচালক (বার্তা) এবং মাছরাঙা টেলিভিশনে বার্তা প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

শাহ আলমগীরের পৈতৃক বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর। তবে বাবার চাকরি সূত্রে ময়মনসিংহের গৌরীপুরে জীবনের দীর্ঘ একটি সময় কাটে তার। গৌরীপুর আর.কে সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, গৌরীপুর সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। এরপর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বাংলা সাহিত্যে অনার্স ও মাস্টার্স করেন। পারিবারিক জীবনে শাহ আলমগীর এক পুত্র ও কন্যা সন্তানের জনক।

তিনি ছিলেন দেশের সাংবাদিকদের অভিভাবক ও গৌরীপুরের সাংবাদিকদের পরমাত্মাীয়। এখনকার সাংবাদিকদের উন্নয়নে তিনি ছিলেন নিবেদিত মানুষ। সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডের হাতেখড়ি এই গৌরীপুরে। চাঁদের হাটের মাধ্যমে গৌরীপুরে সংস্কৃতির বিকাশ ও মানবিক-সামাজিক কার্যক্রমে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন তিনি।সর্বশেষ তিনি গৌরীপুরে এসেছিলেন তার বন্ধু ও সহপাঠী প্রয়াত সাংবাদিক ও অধ্যাপক কাজী এম এ মোনায়েম এর গৌরীপুরের ইতিহাস ঐতিহ্য ও কিংবদন্তি গ্রন্হের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে।বন্ধুজন সাহিত্য সাংস্কৃতিক সংসদের উদ্দ্যোগে গৌরীপুর সরকারি কলেজ ক্যম্পাস অডিটোরিয়ামে অনারম্ভর আয়োজন ছিল।