নিজস্ব প্রতিবেদক:
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-এর বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহের উদ্যোগে পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানে ৫,২০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ৭টা থেকে ৮টা ৩০ মিনিট পর্যন্ত শেরপুর সদর থানাধীন নন্দীর বাজার তিন রাস্তার মোড় নয়াপাড়া এলাকায় বকশিগঞ্জ-নন্দীর বাজার পাকা সড়কে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনি।
গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ আব্দুর রশিদ (৭০)। তিনি কুড়িগ্রাম জেলার রৌমারী থানার যাদুর চর ইউনিয়নের খেওয়ারচর চরপাড়া গ্রামের বাসিন্দা। তার পিতা মৃত ফুল মিয়া ও মাতা মৃত রহিমা খাতুন।
অভিযানকালে তার দেহ তল্লাশি করে ৫,২০০ (পাঁচ হাজার দুইশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় উপ-পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

