তপু রায়হান রাব্বি,
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলপুরে প্রসব ব্যথা ওঠার পর হাসপাতালে নেওয়ার আগেই স্বপ্না আক্তার (২৫) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার গর্ভে থাকা সন্তানও ভূমিষ্ঠ হওয়ার আগেই মারা যায়।
বুধবার (১১ মার্চ/২৬) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত স্বপ্না আক্তার উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের পারতলা গ্রামের জিয়াদুল ইসলামের স্ত্রী। তাদের পাঁচ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, এক কন্যাসন্তানের পর এবার ছেলে সন্তানের মা হতে যাচ্ছিলেন স্বপ্না। আল্ট্রাসনোগ্রাফিতেও তা ধরা পড়ে। বুধবার বিকাল থেকে তার প্রসব ব্যথা শুরু হয়। ইফতারের আগ মুহূর্তে ব্যথা তীব্র আকার ধারণ করলে হঠাৎ তিনি দুর্বল হয়ে পড়েন এবং বমি করতে থাকেন। পরে দ্রুত তাকে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ও লেবার ওয়ার্ডের নার্সরা তার রক্তচাপসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করেন। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হাসপাতাল ও স্বপ্নার বাড়িতে খবর পেয়ে দূর-দূরান্ত থেকে স্বজন ও এলাকাবাসী ছুটে আসেন। স্বামী জিয়াদুল ইসলামসহ পরিবারের সদস্যরা শোকে বারবার মূর্ছা যাচ্ছিলেন।
বৃহস্পতিবার স্বামীর বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে স্বপ্না আক্তারের দাফন সম্পন্ন করা হয়।

