নিজস্ব প্রতিবেদক :
নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে ময়মনসিংহের নান্দাইল উপজেলার চর বেতাগৈর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে ৭৩০ জন ভাতাভোগীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে।
শনিবার (১৬ মে/২০২৬) উপজেলার চর ভেলামারি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভাতাভোগীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
এর আগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চাঁদপুর সরকারি কলেজ মাঠ থেকে দ্বিতীয় ধাপে দেশের ২০টি জেলার ২০টি ওয়ার্ডে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ কার্যক্রমের আওতায় একই সময়ে ২০ জেলার মোট ১৪ হাজার ৩৭০ জন ভাতাভোগীর কাছে ফ্যামিলি কার্ডের অর্থ প্রেরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড প্রদান সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। এই কার্ড পাওয়ার জন্য কাউকে কোনো নেতার কাছে যেতে হবে না কিংবা কোনো ধরনের কমিশন দিতে হবে না। এটি জনগণের প্রাপ্য অধিকার এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, যারা আজ ফ্যামিলি কার্ডের ভাতা পেয়েছেন, তারা যেন সেই অর্থের একটি অংশ সঞ্চয়ের চেষ্টা করেন। এতে নারীরা আরও স্বাবলম্বী হয়ে উঠবেন।
প্রতিমন্ত্রী জানান, কৃষকদের জন্য কৃষি কার্ড, রাস্তাঘাট, ব্রিজ, হাসপাতাল এবং স্কুল-কলেজ উন্নয়নের কাজ সরকারের পরিকল্পনায় রয়েছে। যেসব কাজ দ্রুত বাস্তবায়ন সম্ভব, সেগুলো সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হচ্ছে। আগামী বাজেটের পর উন্নয়ন কর্মকাণ্ড আরও ত্বরান্বিত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মো: সাইফুর রহমান,জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রাজু আহমেদ,নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত।এছাড়াও আরো উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা প্রশাসনের সরকারি কর্মকর্তাসহ স্থানীয় নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মী।

