Durnitibarta.com
ঢাকাশনিবার , ১২ সেপ্টেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

পেশীশক্তি প্রদর্শন করে সহযোদ্ধাকে রক্তাক্ত করার অভিযোগ, হাতিয়া যুবদল আহ্বায়ককে শোকজ

প্রতিবেদক
মামুন রাফী, বিশেষ প্রতিনিধি
সেপ্টেম্বর ১২, ২০২৬ ২:৩৯ অপরাহ্ণ
Link Copied!

পেশীশক্তি প্রদর্শন করে ভ্রাতৃপ্রতিম সংগঠনের এক সহযোদ্ধাকে রক্তাক্ত করা এবং নানা অপকর্মে জড়িয়ে পড়ার অভিযোগে নোয়াখালীর হাতিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক মো. ইসমাইল হোসেন ইলিয়াসের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

শনিবার (১২ সেপ্টেম্বর) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক নোটিশে তাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপির সম্মুখে উপস্থিত হয়ে লিখিত/মৌখিক ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় যুবদলের ওই নোটিশে বলা হয়েছে, পেশীশক্তি প্রদর্শনপূর্বক ভ্রাতৃপ্রতিম সংগঠনের সহযোদ্ধাকে অন্যায়ভাবে রক্তাক্ত করাসহ নানা অপকর্মে জড়িয়ে পড়েছেন, মর্মে কেন্দ্রীয় নির্বাহী কমিটির কাছে ইসমাইল হোসেন ইলিয়াসের বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হয়েছে।

নোটিশে আরও বলা হয়, এসব কর্মকাণ্ড সংগঠনবিরোধী হিসেবে বিবেচিত হওয়ায় তাঁর বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের সামনে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে হবে।

কেন্দ্রীয় যুবদলের এমন নোটিশকে ঘিরে হাতিয়ার রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্থানীয় নেতাকর্মীদের মধ্যে প্রশ্ন উঠেছে, একটি রাজনৈতিক সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা একজন নেতার বিরুদ্ধে যদি পেশীশক্তি প্রদর্শন ও সহযোদ্ধাকে রক্তাক্ত করার মতো গুরুতর অভিযোগ ওঠে, তাহলে সংগঠনের অভ্যন্তরে শৃঙ্খলা ও জবাবদিহির অবস্থান কোথায়?

তবে নোটিশে উত্থাপিত অভিযোগের বিষয়ে ইসমাইল হোসেন ইলিয়াসের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে সংযোজন করা হবে।

কেন্দ্রীয় যুবদলের নির্দেশনা অনুযায়ী, ২৪ ঘণ্টার মধ্যে ইসমাইল হোসেন ইলিয়াসকে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে তাঁর অবস্থান ব্যাখ্যা করতে হবে। এরপর তাঁর বিরুদ্ধে কী ধরনের সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হয়, সেটিই এখন হাতিয়ার যুবদল ও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার বিষয় হয়ে উঠেছে।