আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তরুণ সমাজের প্রতিনিধি হিসেবে নির্বাচনে অংশ নিতে চান নূর-ইজদানী (হিমেল)। নির্বাচনের সিডিউল ঘোষণার খবরে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন তিনি।
ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থী হিসেবে এলাকায় গণসংযোগ শুরু করেছেন হিমেল। মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শুনছেন। পাশাপাশি তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে সামাজিক উন্নয়ন ও এলাকার পরিবর্তনে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছেন তিনি।
নূর-ইজদানী (হিমেল) ইজদানী ট্রেড কর্পোরেশন ও ইজদানী এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক। ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের বিভিন্ন প্রয়োজনে পাশে থাকার চেষ্টা করছেন বলে জানান তিনি।
মেম্বার নির্বাচিত হলে নাগরিকদের প্রয়োজনীয় সেবা সহজ ও হয়রানিমুক্ত করার ওপর গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন হিমেল। তার পরিকল্পনার মধ্যে রয়েছে নাগরিক সনদপত্র, জন্ম-মৃত্যু নিবন্ধন ও ওয়ারিশান সনদপত্র পেতে হয়রানি বন্ধ করা। পাশাপাশি আইনবহির্ভূতভাবে হয়রানিমূলক বা মিথ্যা মামলা-হামলার বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।
এ ছাড়া বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে অবৈধ লেনদেন বন্ধ করে প্রকৃত উপকারভোগীদের মধ্যে সুষম বণ্টন নিশ্চিত করা, রাস্তাঘাটের উন্নয়ন ও সংস্কার, মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধ এবং সরকারি অনুদানের সঠিক বাস্তবায়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
স্থানীয় তরুণ ভোটার আক্তার হোসেন বলেন, ‘হিমেল আমাদের তরুণ সমাজের পরিচিত মুখ। তার নেতৃত্বে আমরা আমাদের ওয়ার্ডকে আরও এগিয়ে নিতে চাই। দলমতের ঊর্ধ্বে উঠে তাকে মেম্বার হিসেবে দেখতে চাই।’
মরিচারচর গ্রামের বাসিন্দা মঙ্গলু মিয়া (৬০) বলেন, ‘হিমেল খুব পরোপকারী। গ্রামের মানুষের বিভিন্ন সমস্যায় তাকে পাশে পাওয়া যায়। আগামী নির্বাচনে আমরা এমন একজন প্রার্থী চাই, যিনি মানুষের পাশে থাকবেন।’
নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে নূর-ইজদানী (হিমেল) বলেন, ‘এলাকার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখতে চাই। চিকিৎসা সহায়তা, রাস্তাঘাট মেরামত, বাল্যবিয়ে ও মাদক প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে কাজ করছি। নির্বাচন থাকুক বা না থাকুক, আমি মানুষের পাশে থেকে কাজ করতে চাই। তবে এলাকার জনগণই চাচ্ছেন, আমি যেন তাদের প্রতিনিধি হিসেবে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ নম্বর ওয়ার্ডের সদস্য পদে নির্বাচন করি।’
তিনি আরও বলেন, তরুণদের সম্পৃক্ত করে একটি সুন্দর, মাদকমুক্ত ও বৈষম্যহীন ওয়ার্ড গড়ে তোলাই তার অন্যতম লক্ষ্য। নির্বাচিত হলে জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে এলাকার সমস্যা চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের চেষ্টা করবেন বলেও জানান তিনি।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আসন্ন নির্বাচনকে সামনে রেখে উচাখিলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে ভোটারদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে তরুণ প্রার্থী হিসেবে নূর-ইজদানী (হিমেল) প্রার্থিতা ঘোষণায় স্থানীয় তরুণদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

