ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’র স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার (টিএইচও) নানা অনিয়মের ঘটনা তদন্তে ৯ সদস্যের কমিটি গঠন করেছে স্থানীয় কর্তৃপক্ষ। হাসপাতালের টিএইচও (চলতি দায়িত্ব) হিসেবে গত বছরের জানুয়ারিতে যোগদান করেন ডা. নূরুল হুদা খান।
আরও পড়ুন>>সরকারি গাড়ি নিয়ে ব্যক্তিগত রোগী দেখেন ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা
তার সময়ে স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটারের এসি খুলে নিজের কক্ষে স্থাপন, হলরুম ভাড়া দিয়ে টাকা আদায়, হাসপাতাল ভবন সংস্কার না করে নিজের কোয়ার্টারে টাইলস স্থাপন, হাসপাতালে বসে ব্যক্তিগত প্যাডে রোগী দেখা, সরকারি গাড়ির অপব্যবহারসহ বিভিন্ন অভিযোগ উঠেছে।
এ নিয়ে বুধবার ‘ ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মেই যেন নিয়ম’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হলে স্থানীয়ভাবে তোলপাড় সৃষ্টি হয়। গত সোমবার উপজেলা স্বাস্থ্য কমিটির সভা অনুষ্ঠিত হয়। ভার্চুয়ালি ওই সভায় টিএইচওর নানা অনিয়ম তুলে ধরলে তিনি কোনো জবাব দিতে পারেননি।
আরও পড়ুন>>ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মেই যেন নিয়ম
গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমিটির গঠন করা তদন্ত কমিটির সদস্যদের নাম প্রকাশ করা হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান সুমনকে কমিটির প্রধান করা হয়েছে।

