বিশেষ প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে বাসের সঙ্গে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের চর শিহারী গ্রামের আব্দুল বাতেন (৬৫) ও হালুয়াঘাট উপজেলার জুগলী ইউনিয়নের মনকান্দা গ্রামের আশরাফুন নাহার (৬০)।
জানা যায়, বুধবার (৫ জুলাই) সন্ধ্যার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে গৌরীপুর উপজেলার রামগোপালপুর এলাকার গাংচিল রেস্টুরেন্টের সামনে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এই দুই পরিবারের আরও ৪ জন আহত হয়েছেন। তারা হলেন নিহত আশরাফুন নাহারের মেয়ে রোকসানা (৩৫) ও নাতী ফারজানা (১৬) এবং নিহত আব্দুল বাতেনের ছেলে জুয়েল (২৫) ও নাতী সানিয়া (৮ )। তবে সিএনজি ড্রাইভারের কোন খোঁজ পাওয়া যায়নি।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদুল হাসান এ বিষয়ে সাংবাদিকদের নিশ্চিত করে জানান- যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিক্সাটি ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। এসময় পথিমধ্যে গাংচিল রেস্টুরেন্টের সামনে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সাথে সিএনজির সংঘর্ষ ঘটে। এতে সিএনজির দু’জন যাত্রী মারা যান। আহত হয় আরও তিনজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

