নিউজ ডেস্ক: সিলেট নগরীর আল হামরা শপিং সিটির একটি জুয়েলারি দোকান থেকে আড়াইশো ভরি স্বর্ণ চুরির অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, বুধবার (৮ জানুয়ারি) দিবাগত রাতে অথবা বৃহস্পতিবার সকালের কোনো এক সময় এক অথবা একাধিক চোর আল হামরার চতুর্থ তলার নুরানি জুয়েলার্স নামক দোকানের শাটারের তালা ভেঙে এসব স্বর্ণ চুরি করে নিয়ে যায়। যাওয়ার সময় নতুন তালা লাগিয়ে দিয়ে যায় চোর। বৃহস্পতিবার সকালে দোকানের মালিক-কর্মচারীরা এসে বিষয়টি দেখতে পেয়ে নতুন তালা ভেঙে ঢুকে স্বর্ণ চুরির বিষয়টি অবগত হন। খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেছে।
নুরানী জুয়েলার্সের স্বত্বাধিকারী দেওয়ান মো. জাবেদ চৌধুরী জানান, প্রায় আড়াইশো ভরি স্বর্ণ ছিলো দোকানে। সব নিয়ে গেছে চোরেরা। যাওয়ার সময় নতুন তালা লাগিয়ে গেছে শাটারে।
এ ব্যাপারে সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, প্রায় আড়াইশো ভরি স্বর্ণ চুরি হয়েছে বলে দোকানের মালিক মৌখিকভাবে অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করছে পুলিশ। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
এদিকে, এই ঘটনার পর মার্কেটের অন্যান্য ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।

