Durnitibarta.com
ঢাকাশনিবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

গৌরীপুরে সংগ্রামী মায়ের যমজ সন্তানের ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন

প্রতিবেদক
Editor
ফেব্রুয়ারি ২৮, ২০২৬ ১২:১১ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা-এ জীবন সংগ্রামে জয়ী এক মায়ের যমজ সন্তান জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে দৃষ্টান্ত স্থাপন করেছে। তারা হলো নওশাদ হক লাবিব ও মুনতাহার হক মাইশা।
জন্মের মাত্র ১৩ মাস বয়সে বাবা মঞ্জুরুল হককে হারায় এই যমজ ভাই-বোন। কঠিন সেই সময়ে ভেঙে না পড়ে তাদের মা নৌশিন দিহান লাভলী দৃঢ় মনোবলে সংসারের হাল ধরেন। সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে তিনি পৈতৃক নিবাস তারাকান্দা উপজেলা থেকে গৌরীপুরে চলে আসেন এবং পৌর শহরের স্টেশন রোড এলাকায় একটি ভাড়া দোকানে কসমেটিকস ব্যবসা শুরু করেন। সেই আয় দিয়েই তিনি সংসার ও সন্তানের পড়াশোনা চালিয়ে আসছেন।
গত বুধবার প্রকাশিত জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলে দেখা যায়, লাবিব ও মাইশা দুজনেই মেধা তালিকায় (ট্যালেন্টপুল) স্থান অর্জন করেছে। তাদের এই সাফল্যে পরিবার, শিক্ষক ও স্থানীয়দের মাঝে আনন্দের জোয়ার বইছে। বর্তমানে নওশাদ হক লাবিব নুরুল আমিন উচ্চ বিদ্যালয়-এর নবম শ্রেণির শিক্ষার্থী। ভবিষ্যতে সে একজন দক্ষ ইঞ্জিনিয়ার হতে চায়। অন্যদিকে মুনতাহার হক মাইশা পড়ছে গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়-এ। তার স্বপ্ন বড় হয়ে চিকিৎসক হয়ে মানুষের সেবা করা।
মা নৌশিন দিহান লাভলী আবেগঘন কণ্ঠে বলেন, “ওদের বাবা মারা যাওয়ার পর অনেক কষ্টের মধ্য দিয়ে দিন কাটিয়েছি। ব্যবসা করেই ওদের মানুষ করছি। আজ ওরা দুজনেই ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে—এটাই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। সবার কাছে ওদের জন্য দোয়া চাই।”স্থানীয় শিক্ষকরা জানান, অভাবের মাঝেও লাবিব ও মাইশা অত্যন্ত বিনয়ী ও পরিশ্রমী। তাদের এই সাফল্য সমাজের অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।#