নিজস্ব প্রতিবেদক :
ময়মনসিংহের গৌরীপুরে অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ এক স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে গৌরীপুর থানার একটি দল উপজেলার ভাংনামারী ইউনিয়নের কাশিয়ার চর এলাকায় অভিযান পরিচালনা করে। মঙ্গলবার (১২ মে) দিবাগত রাতে পরিচালিত ওই অভিযানে মাদক সংরক্ষণ ও বিক্রির অভিযোগে আল-আমীন (৩৫) ও তার স্ত্রী শ্যামলীকে (৩০) আটক করা হয়।
আটক আল-আমীন কাশিয়ার চর এলাকার আইনুল হকের ছেলে। পুলিশ জানায়, অভিযানের সময় তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও প্রায় ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় বুধবার (১৩ মে/২৬) গৌরীপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেফতারকৃত দুই আসামিকে আদালতের মাধ্যমে ময়মনসিংহ জেলা কারাগারে পাঠানো হয়।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাবিবুর রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে জনসাধারণের সহযোগিতা প্রয়োজন। কোনো তথ্য থাকলে পুলিশকে জানান।”

