ময়মনসিংহের ফুলপুরে টিকটক করা নিয়ে স্বামীর সাথে দ্বন্দ্বে সাদিয়া খাতুন (১৯) নামে এক গৃহবধূর ফাঁসিতে ঝুঁলে আত্মহত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে স্বামী শাকিল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে উপজেলার তিলাটিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সাদিয়া খাতুন ওই গ্রামের শাকিল মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, অভিযুক্ত শাকিল মিয়া এর আগেও দুটি বিয়ে করেছিলেন। পারিবারিক বিরোধের জেরে আগের দুই স্ত্রীকে তালাক দেওয়ার পর সাদিয়া খাতুনকে তিনি তৃতীয় স্ত্রী হিসেবে ঘরে তোলেন। গত সোমবার দিবাগত রাত ১টার দিকে টিকটক করা নিয়ে স্বামী শাকিলের সাথে সাদিয়ার তীব্র ঝগড়া হয়। ঝগড়ার পর দু’জনই রাতে ঘুমাতে যান।
পরদিন মঙ্গলবার সকাল ৬টার দিকে স্বামী শাকিল মিয়া হ্যান্ড ট্রলি নিয়ে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যান। পরে বেলা ১২টার দিকে সাদিয়ার ননদ ইন্নামা আক্তার ঘরে প্রবেশ করে সাদিয়াকে ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাঁর ডাক-চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে ঘরের দরজা ভেঙে ঝুলন্ত মরদেহ নিচে নামান।
খবর পেয়ে ফুলপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেয়। আজ বুধবার (১ জুলাই) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুপুরে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম পুনরায় ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এই ঘটনায় নিহত গৃহবধূর পরিবারের পক্ষ থেকে থানায় একটি আত্মহত্যা প্ররোচনার মামলা দায়ের করা হয়েছে। মামলার পরিপ্রেক্ষিতে নিহতের স্বামী শাকিল মিয়াকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়, যাকে আজ বুধবার দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কিনা, তা ময়নাতদন্তের রিপোর্ট এলে আরও স্পষ্ট হবে।”

