তপু রায়হান রাব্বি
ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলপুর উপজেলার সদর ইউনিয়ন এলাকায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ব্যবহার করে মৎস্য ও জলজ প্রাণী ধ্বংসের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। সোমবার(২০ জুলাই) বিকেল ৫ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ।
অভিযান চলাকালে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী ৫ ধারায় মোট ৫০ টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ও ৫ টি কারেন্ট জাল রওয়ার বিল ও নওগাঁ ব্রিজ সংলগ্ন থেকে জব্দ করে উপজেলা পরিষদে এনে তা পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দকৃত জালগুলোর আনুমানিক বাজার মূল্য দুই লাখ ১০ হাজার টাকা।
অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. উজ্জল হোসেন এবং গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, মৎস্যসম্পদ রক্ষা এবং জলজ প্রাণীর প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করতে নিষিদ্ধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

