পৌরসভাকে পরিষ্কার-পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ময়মনসিংহের ফুলপুর পৌরসভার বিভিন্ন স্থানে প্লাস্টিক গার্ভেজ বিন স্থাপন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) দুপুরে পৌরসভা কার্যালয় প্রাঙ্গণে এ বিতরণ ও স্থাপন কর্মসূচির উদ্বোধন করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ফুলপুর পৌরসভার প্রশাসক মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ ইউসুফ।
এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, সদস্য সচিব মো. হেলাল উদ্দিন, পৌরসভা বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র মো. আমিনুল হক এবং সদস্য সচিব মাহবুবুর রহমান মোস্তফা প্রমুখ। অনুষ্ঠানে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।
পৌর প্রশাসক মো. শফিকুল ইসলাম জানান, ফুলপুর পৌরসভাকে ময়লা, আবর্জনা ও দুর্গন্ধমুক্ত রাখতে এবং নাগরিকদের যত্রতত্র ময়লা ফেলার মানসিকতা দূর করতে প্রথম পর্যায়ে শহরের বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানে ৫০টি উন্নতমানের প্লাস্টিক গার্ভেজ বিন স্থাপন করা হচ্ছে। তিনি পৌরবাসীকে এই বিনগুলো সঠিকভাবে ব্যবহার করে শহর পরিচ্ছন্ন রাখতে সহযোগিতা করার আহ্বান জানান।

