নিজস্ব প্রতিবেদক :
ময়মনসিংহে পৃথক দুটি অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৪, সদর কোম্পানি।
র্যাব-১৪ জানায়, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং বিভিন্ন চাঞ্চল্যকর ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের গ্রেফতারে র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান পরিচালনা করে দুই আসামিকে গ্রেফতার করা হয়।
প্রথম অভিযানে বৃহস্পতিবার (৯ জুলাই ২০২৬) বিকেল আনুমানিক ৫টা ৪৫ মিনিটে ময়মনসিংহের কোতোয়ালী থানার মধ্য বাড়েরা খান বাড়ি এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার (জিআর-২৩৭/১৮) ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ মাসুম মিয়া (৪০)-কে গ্রেফতার করা হয়।
একই দিন রাত আনুমানিক ১০টা ৫ মিনিটে কোতোয়ালী থানার আকুয়া মোড়লপাড়া এলাকায় দ্বিতীয় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আরেকটি মামলার (জিআর-২০৪/১৫) ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ জনি মিয়া (৩৪)-কে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃত দুই আসামিই দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।
পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিদের ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৪ আরও জানায়, অপরাধ দমন ও পলাতক আসামিদের আইনের আওতায় আনতে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

