ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বহির্বিভাগ থেকে অজ্ঞাতপরিচয় (৬০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেকের ওয়ার্ড মাস্টার আবুল হোসেন জানান, সকাল সাড়ে ৮টার দিকে তিনি জানতে পারেন বহির্বিভাগের এক্স-রে রুমের সামনে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি অচেতন অবস্থায় পড়ে আছেন।তার বয়স আনুমানিক ৬০ বছর। পরে পুলিশ ক্যাম্পে খবর দেওয়া হয়। এরপর পুলিশের সহযোগিতায় উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক সকাল সাড়ে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
মো. ফারুক আরও জানান, নিহত ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন। সিআইডির ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে। প্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্ত করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
এএনএ

