নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুর-১২ এলাকার পল্লবীতে ব্যবসায়ী মোঃ তারিকুল ইসলামের গোডাউনে হামলা, ভাঙচুর, মারধর ও লুটপাটের অভিযোগ উঠেছে একদল দেশীয় অস্ত্রধারী ব্যক্তির বিরুদ্ধে। এ সময় তাঁকে ও তাঁর প্রতিষ্ঠানের এক কর্মচারীকে মারধর করা হয় এবং ১৫ দিনের মধ্যে ১৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।
অভিযোগ অনুযায়ী, গত ১২ অক্টোবর ২০২৬ রাত আনুমানিক ১০টার দিকে পল্লবীর বাসা-৪৫, রোড-১, ব্লক-সি, মিরপুর-১২ এলাকার গোডাউনে এ ঘটনা ঘটে। হামলাকারীরা প্রথমে সেখানে ভাঙচুর চালায়। পরে ব্যবসায়ী তারিকুল ইসলাম আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন—এমন অভিযোগ তুলে তাঁকে ও তাঁর এক কর্মচারীকে বেধড়ক মারধর করে বলে দাবি করেন তিনি।
তারিকুল ইসলামের অভিযোগ, তাঁকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত ও ব্যবসায়িকভাবে পঙ্গু করে দেওয়ার উদ্দেশ্যে হামলাটি চালানো হয়েছে। এ সময় গোডাউনে থাকা একটি ল্যাপটপ, একটি ডেস্কটপ কম্পিউটারসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুট করা হয়। পাশাপাশি তাঁর কাছে থাকা নগদ ২ লক্ষ টাকা নিয়ে যায় হামলাকারীরা বলে অভিযোগ করা হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, ঘটনার পর হামলাকারীরা ১৫ দিনের মধ্যে ১৫ লাখ টাকা দেওয়ার দাবি জানায়। নির্ধারিত সময়ে টাকা না দিলে কিংবা দিতে দেরি হলে তাঁকে হত্যা করার হুমকি দেওয়া হয়।
ঘটনার পর আহত তারিকুল ইসলাম রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসা নেন বলে জানান। এ ঘটনায় গত ১৩ অক্টোবর ২০২৬ তারিখে পুলিশের কাছে একটি সাধারণ অভিযোগপত্র জমা দিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ কর্তৃপক্ষের সুষ্ঠু তদন্ত, জড়িতদের শনাক্তকরণ এবং নিজের ও কর্মচারীর নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

