Durnitibarta.com
ঢাকারবিবার , ১৫ মার্চ ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

দোলনা থেকে কবর পর্যন্ত ‍পুলিশ ছাড়া চলবে না: আইজিপি

প্রতিবেদক
Dhaka Office
মার্চ ১৫, ২০২৬ ১২:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির বলেছেন, দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না। কারণ হাসপাতালে শিশুর জন্ম নেওয়ার পর শিশুকে পাহারা দিতে হয়। হাসপাতাল থেকে শিশু চুরি হয়ে যেতে পারে সেখানেও পুলিশ দরকার। আবার কবর দিতে গেলেও সেখানে কঙ্কাল বা লাশ চুরি হয়ে যেতে পারে সেখানেও পুলিশ দরকার। পুলিশ ছাড়া এ সমাজ চলবে না। কার্যকরী, শান্তিপূর্ণ, উন্নয়নমূলক ও সভ্য দেশ গঠনের জন্য পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ। আপনারা পুলিশকে সহযোগিতা করেন।

শনিবার (১৪ মার্চ) বিকেলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে এক সুধী সমাবেশে এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি।

আইজিপি আরও বলেন, সেই ফ্যাসিষ্ট যুগের পুলিশ যাতে বাংলাদেশে না থাকে সেটার জন্য কাজ করছি। মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিতে এই নিদের্শনা দিয়েছেন যে, বাংলাদেশ পুলিশ হবে একদম সৎ ও মানবিক পুলিশ এবং জনগণের বন্ধু।

আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্নে করতে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে জানিয়ে তিনি বলেন, ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দেশের অন্যতম ব্যস্ত সড়ক হওয়ায় এখানে বাড়তি নজরদারি থাকবে। ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হবে। মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে থাকবে চেকপোস্ট ও টহল জোরদার করা হবে। এছাড়া মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল ও সড়কের পাশে অবৈধ পার্কিং বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

প্রধান অতিথির বক্তব্যে এম মঞ্জুরুল করিম রনি বলেন, গাজীপুরকে মাদকমুক্ত করতে হবে। আসন্ন ঈদে যেন ঘরমুখো মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিতে পারে সেজন্য সব রকম ব্যবস্থা গ্রহণ করা হবে। এ জন্য পুলিশকে সকলের সহযোগিতা করার আহ্বান জানান। তিনি সড়কে চালকদের নিয়ম ও আইন মেনে চলা এবং ঝুঁকিপূর্ণভাবে যাত্রী পরিবহন না করার অনুরোধ করেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদারের সভাপতিত্বে ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সায়িখা আক্তার শিখার সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত আইজিপি (ক্রাইম এন্ড অপারেশন) খোন্দকার রফিকুল ইসলাম, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, গাজীপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আহমদ হোসেন ভূইয়া,  জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন, বিএনপির কেন্দ্রীয় নেতা হাসান উদ্দিন সরকার, ডা. মাহজারুল আলম, মহানগর বিএনপি নেতা সালাহ উদ্দিন সরকার, মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিন, জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী, বিএনপি নেতা আহমদ আলী রুশদী, প্রভাষক বসির উদ্দিন, গাজী সালাউদ্দিন, ভিপি জয়নাল আবদেীন তালুকদার প্রমুখ।