Durnitibarta.com
ঢাকাবুধবার , ৬ মে ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ইরানের সঙ্গে যুদ্ধ থামিয়ে সমঝোতার পথে ট্রাম্প, খুলছে হরমুজ প্রণালি

প্রতিবেদক
Dhaka Office
মে ৬, ২০২৬ ৮:৫২ অপরাহ্ণ
Link Copied!

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে দুই দেশই একটি এক পৃষ্ঠার সমঝোতা স্মারক স্বাক্ষরের কাছাকাছি পৌঁছেছে।

বুধবার (৬ মে ) শান্তি প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত পাকিস্তানের একটি সূত্র আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছিল।

পাকিস্তানি সূত্রটি রয়টার্সকে বলেছে, খুব শিগগিরই আলোচনার সফল সমাপ্তি হতে পারে এবং একটি আনুষ্ঠানিক সমঝোতা ঘোষণা করা হতে পারে।

অন্যদিকে অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালিতে নৌচলাচল স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্র যে সামরিক উদ্যোগ নিয়েছিল, তা আপাতত স্থগিত রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে ওয়াশিংটন এখন আশাবাদী যে, তেহরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে।

খবরে আরও বলা হয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে ইরানের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে যুক্তরাষ্ট্র। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি মার্কিন পররাষ্ট্র দপ্তর বা হোয়াইট হাউস।

সম্ভাব্য চুক্তির শর্ত অনুযায়ী, ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখতে রাজি হতে পারে। বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানের ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করবে এবং আটকে থাকা বিপুল পরিমাণ অর্থ ফেরত দেওয়ার বিষয়েও সম্মত হতে পারে। পাশাপাশি, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে আরোপিত বিধিনিষেধ তুলে নেওয়ার ব্যাপারেও দুই দেশ একমত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সূত্র: রয়টার্স