মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালি খোলা রাখতে অনেক দেশ যুদ্ধজাহাজ পাঠাবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালির উপকূলে বোমা বর্ষণ করবে এবং ইরানের যুদ্ধজাহাজ ও নৌযান লক্ষ্য করে ক্রমাগত গুলি ছুড়বে।
শনিবার (১৪ মার্চ) ট্রুথ সোশ্যালে পোস্ট করে ট্রাম্প লিখেছেন, ‘অনেক দেশ, বিশেষত যারা হরমুজ প্রণালি বন্ধের কারণে ক্ষতিগ্রস্ত, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হয়ে যুদ্ধজাহাজ পাঠাবে যাতে প্রণালিটি খোলা এবং নিরাপদ থাকে।’
তিনি আশা প্রকাশ করেন, চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য ও অন্যান্য দেশ হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাবে। ট্রাম্প লিখেছেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালির উপকূলে বোমা বর্ষণ করবে এবং ইরানের নৌযান এবং যুদ্ধজাহাজগুলোতে গুলিবর্ষণ করবে।
তবে কোনো দেশ ইতিমধ্যে জাহাজ পাঠাতে সম্মত হয়েছে কি না তা জানতে চাইলে রয়টার্সকে হোয়াইট হাউস থেকে কোনো তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি।

