নিজস্ব প্রতিবেদক :
ময়মনসিংহের মুক্তাগাছায় সংঘটিত চাঞ্চল্যকর চুরির ঘটনায় জড়িত দুই পেশাদার চোর ও ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চোরাই যাওয়া নগদ ২১ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে/২৬) ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
পুলিশ জানায়, গত ১ মে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টার মধ্যে মুক্তাগাছা উপজেলার বিরাশি এলাকায় একটি বসতবাড়িতে সংঘবদ্ধ চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী আশরাফুল আলম জমি কেনার উদ্দেশ্যে ব্যবসার উপার্জিত ৩৫ লাখ টাকা গ্রামের বাড়িতে তার মায়ের শয়নকক্ষের স্টিলের ট্যাংকের ভেতরে সংরক্ষণ করে রেখেছিলেন। ঘটনার সময় তার মা প্রতিবেশীর বাড়িতে গেলে দুর্বৃত্তরা ঘরের দরজার তালা কেটে ভেতরে প্রবেশ করে স্টিলের ট্যাংকের তালা ভেঙে নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মুক্তাগাছা থানায় মামলা দায়ের করা হয়। পরে পুলিশ সুপার ময়মনসিংহের নির্দেশনায় এবং মুক্তাগাছা থানার ওসির তত্ত্বাবধানে একাধিক টিম অভিযান শুরু করে। প্রযুক্তিনির্ভর তদন্ত ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে ঢাকার শাহজাহানপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মুক্তাগাছা উপজেলার বিরাশি মধ্যপাড়া এলাকার সৌরভ মিয়া (৩০) ও জনি (২৫)। পুলিশ জানায়,প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার হওয়া দুজন চুরির ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেন। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার শাহজাহানপুর রেলওয়ে কলোনির একটি ভাড়া বাসা থেকে ১৮ লাখ টাকা উদ্ধার করা হয়। এছাড়া ময়মনসিংহ কোতোয়ালি থানার চর কুষ্টিয়া এলাকায় সৌরভের খালার গোয়ালঘরের মাচার নিচ থেকে আরও ৩ লাখ টাকা উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, গ্রেফতার হওয়া দুজনই পেশাদার চোর ও ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে ছিনতাই, মাদকসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
চোরাই যাওয়া অবশিষ্ট টাকা ও অন্যান্য আলামত উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

