Durnitibarta.com
ঢাকামঙ্গলবার , ৮ নভেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

৬ বছর ধরে চাল আত্মসাতের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

প্রতিবেদক
Mym Office
নভেম্বর ৮, ২০২২ ৬:৩০ অপরাহ্ণ
Link Copied!

রংপুরের গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের ৯ নম্বর ওর্য়াডের ইউপি সদস্য ঝর্ণা বেগমের বিরুদ্ধে হতদরিদ্রদের জন্য সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগ উঠেছে।

এ নিয়ে মঙ্গলবার (৮ নভেম্বর) সকালে নাজরিন বেগম নামে এক নারী গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছে। নাজরিন বেগম ওই ইউনিয়নের ৯ নম্বর ওর্য়াডের উমর গ্রামের শাহীনুর ইসলামের স্ত্রী।

অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৬ সালে ওই ইউনিয়নের সংরক্ষিত নারী ওয়ার্ডের সদস্য ছিলেন ঝর্না। এ সময় নাজরিন বেগমের বাড়িতে গিয়ে রেশনকার্ড দেওয়ার কথা বলে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ছবি ও নগদ ১৫০ টাকা নেন তিনি। কিছুদিন পর অনেকেই রেশনকার্ড হাতে পেলেও নাজরিন পাননি। পরবর্তীতে নাজরিন ইউপি সদস্য ঝর্ণার কাছে গেলে তার কার্ড হয়নি বলে জানানা।

এদিকে গত বছর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত আসন ছেড়ে ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং জয়লাভ করেন ঝর্ণা। সম্প্রতি সরকারিভাবে রেশনকার্ডের অনলাইন ডাটাবেজ তৈরির কাজ শুরু হলে নাজরিন বেগমের বাড়িতে যান ইউপি সদস্যা। তাকে রেশনকার্ডের অনলাইন ডাটাবেজ তৈরির কথা বলেন ঝর্ণা। ডাটাবেজ করতে গিয়ে নাজরিন জানতে পারেন, তার কার্ডের চাল ছয় বছর ধরে উত্তোলন করা হয়েছে।

নাজরিন বেগম বলেন, ‘কার্ডের চাল আত্মসাতের বিষয়টি জানতে পেরে স্বামীসহ ইউপি সদস্য ঝর্ণার বাড়িতে যাই। তার কাছে কার্ডের চাল ফেরত চাই। ঝর্ণা আমাকে চাল ফেরত দিতে গড়িমসি করেন এবং আমাকে ভিজিডিকার্ড ও ৪০ দিনের কর্মসূচিতে নাম অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে ৫ হাজার টাকা দাবি করেন। উপায় না পেয়ে আমি ইউএনওর কাছে অভিযোগ দেই।’

তবে চাল আত্মসাতের অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন ঝর্ণা বেগম।

এ বিষয়ে ইউএনও এরশাদ উদ্দিন বলেন, অভিযোগ পেয়ে উপজেলা খাদ্য অফিসারকে তদন্তের নির্দেশ দিয়েছি। তদন্ত রিপোর্ট পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।