বিশেষ প্রতিনিধি, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের বাজিতপুরে “ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬” উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। “অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজিতপুর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাজমুল সালেহীন, বাজিতপুর থানার অফিসার ইনচার্জ এস.এম শরিফুল্লাহ এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেজাউল হক।
বাজিতপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অগ্নি নিরাপত্তা, দুর্যোগ মোকাবিলা ও জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দীন বলেন, “ফায়ার সার্ভিস শুধু আগুন নেভানোর কাজই করে না, তারা মানুষের জীবন ও সম্পদ রক্ষায় সবসময় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দুর্যোগ কিংবা যেকোনো জরুরি মুহূর্তে ফায়ার সার্ভিস সদস্যদের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। সবাইকে অগ্নি নিরাপত্তা বিষয়ে আরও সচেতন হতে হবে।”
অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজে ব্যবহৃত বিভিন্ন আধুনিক সরঞ্জাম প্রদর্শন করেন। এসময় অগ্নিকাণ্ড, সড়ক দুর্ঘটনা ও বিভিন্ন দুর্যোগে উদ্ধার কার্যক্রম পরিচালনায় ব্যবহৃত যন্ত্রপাতির কার্যকারিতা উপস্থিত অতিথি ও সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয়।
অনুষ্ঠান শেষে ফায়ার সার্ভিস সদস্যদের অংশগ্রহণে একটি সচেতনতামূলক মহড়া ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

