আবদুল কাদির :
ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে অবৈধ দখলমুক্ত খাস জমিতে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
জানা যায়, গত ১১ জুন ২০২৬ তারিখে জেলা প্রশাসন, ময়মনসিংহের নির্দেশনায় সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দা তামান্না হোরায়রা ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠ সংলগ্ন বিআরএস ১ নম্বর খাস খতিয়ানের ৮১৪ নম্বর দাগভুক্ত মাঠ শ্রেণির ০.০১১৫ একর ভূমি থেকে অবৈধ দখল উচ্ছেদ করেন।
অবৈধ দখলমুক্ত করার পর পরিবেশের ভারসাম্য রক্ষা ও এলাকার সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে সোমবার (২২ জুন/২৬) সকাল ৯টায় সেখানে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা রোপণ করেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হোরায়রা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সরকারি খাস জমি দখলমুক্ত করার পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের মাধ্যমে এসব ভূমির যথাযথ ব্যবহার নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

