বাংলাদেশে ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ ব্যবসার ডিজিটাল প্রসার এবং উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে জনপ্রিয় শর্ট-ভিডিও প্ল্যাটফর্ম টিকটক। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর কাকরাইলে অবস্থিত ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ভবনে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় অংশগ্রহণকারী উদ্যোক্তা ও ব্যবসায়ীদের টিকটক প্ল্যাটফর্ম ব্যবহার করে কীভাবে নিজ নিজ ব্যবসা ও পণ্যের কার্যকর প্রচারণা চালানো যায়, সে বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। বিশেষ করে সৃজনশীল কনটেন্ট তৈরি, সঠিক ক্রেতা শ্রেণির কাছে পৌঁছানো এবং ডিজিটাল মার্কেটিংয়ের আধুনিক কৌশলগুলো নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।
প্রশিক্ষণের পাশাপাশি অংশগ্রহণকারীদের ব্যবসায়িক প্রচারণায় উৎসাহিত করতে টিকটকের পক্ষ থেকে বিশেষ প্রণোদনার ঘোষণা দেওয়া হয়। কর্মশালায় অংশ নেওয়া উদ্যোক্তাদের টিকটকে প্রথম বিজ্ঞাপন বা ক্যাম্পেইন পরিচালনার জন্য ৫০ মার্কিন ডলার সমমূল্যের ফ্রি অ্যাড কুপন প্রদান করা হয়।
আয়োজকরা জানান, বাংলাদেশের স্থানীয় উদ্যোক্তাদের ডিজিটাল অর্থনীতির মূলধারায় যুক্ত করতে এবং বৈশ্বিক মানের মার্কেটিং টুলগুলোর সাথে পরিচিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ট্রেনিং সেশনটিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নানা স্তরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী, ক্ষুদ্র উদ্যোক্তা এবং নতুন ব্যবসা শুরু করতে আগ্রহী তরুণ-তরুণীসহ বিপুল সংখ্যক অতিথি উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা জানান, এই কর্মশালার মাধ্যমে অর্জিত ব্যবহারিক জ্ঞান ও ফ্রি কুপন সুবিধা তাদের অনলাইন ব্যবসার পরিধি বাড়াতে সরাসরি সহায়তা করবে।

