ময়মনসিংহের ফুলপুরে বজ্রপাতে শামীমা আক্তার (৮) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২২ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার বালিয়া ইউনিয়নের বেলটিয়া বালিয়া গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত শামীমা আক্তার স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী এবং বালিয়া বাজারের ক্ষুদ্র চা-দোকানি আবুল হোসেনের একমাত্র কন্যা।
পরিবার সূত্রে জানা যায়, তিন ছেলের পর একমাত্র কন্যাসন্তান হওয়ায় শামীমা ছিল পরিবারের সবার আদরের, বিশেষ করে বাবা আবুল হোসেনের নয়নের মণি। বালিয়া বাজারে ছোট্ট একটি চায়ের দোকান চালিয়ে কঠোর পরিশ্রমে মেয়েকে উচ্চশিক্ষিত করার স্বপ্ন দেখতেন বাবা। কিন্তু এক নিমিষেই সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল।
স্থানীয়রা জানান, সোমবার বিকেলে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হলে তীব্র বজ্রপাত হয়। এ সময় বাড়ির পাশে থাকা ছোট্ট শামীমা বজ্রপাতের আঘাতে গুরুতর আহত হয়। স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও তার আগেই অকালেই থমকে যায় শিশুটির জীবন। শামীমার এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে শিশু মৃত্যুর বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

