রাজধানীর মোহাম্মদপুর থানার একটি মাদক মামলায় ৯ জনকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত এক আসামির মামা অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আজ মঙ্গলবার ঢাকার দশম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. নুরুল ইসলাম এ রায় দেন। একই সঙ্গে প্রত্যেক আসামিকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালতের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক ও ঢাকা মহানগর আদালতের হাজতখানার ইনচার্জ মো. রিপন এ তথ্য নিশ্চিত করেছেন।
এ ঘটনার পর আদালতের বেঞ্চ সহকারী ফারুকুল ইসলাম দেওয়ান বলেন, দণ্ডিত ৯ আসামির মধ্যে শুধু মো. মিঠুন মিয়া রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। তাঁর মামা আইয়ুব আলীও আদালতে ছিলেন। রায় ঘোষণার পর আইয়ুব আলী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে পাশের ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ মামলায় দণ্ডিত অন্য আসামিরা হলেন মো. মুরাদ, ছাবির, মো. রাজা, মো. মাসুম হোসেন, মো. বিল্লাল, মো. ওয়াহিদুল সনু ও মো. জুম্মন মিয়া। তাঁরা পলাতক থাকায় আদালত তাঁদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
মামলার নথি অনুযায়ী, ২০১৮ সালের ২৬ মে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকায় মাদক কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র্যাব-২। এ সময় ১ হাজার ৯৫০টি ইয়াবাসহ নয়জনকে আটক করা হয়। এ ঘটনায় ওই দিনই পুলিশ পরিদর্শক ইকরামুল হক চৌধুরী বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেন। তদন্ত শেষে একই বছরের ২২ জুলাই উপপরিদর্শক সাজেদুল হক আদালতে অভিযোগপত্র দেন। ২০১৯ সালের ২৭ মে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। বিচারকালে চারজনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ এ রায় দেন।

