নিজস্ব প্রতিবেদক :
জনসাধারণের বিভিন্ন সমস্যা শুনে দ্রুত সমাধানের লক্ষ্যে শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ জুলাই ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত গণশুনানিতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ ফরিদা ইয়াসমিন।
গণশুনানিতে ভূমি-সংক্রান্ত বিরোধ, চিকিৎসা সহায়তা, কর্মে অক্ষমতা, বেকারত্ব, আর্থিক দুর্দশাসহ বিভিন্ন সমস্যা নিয়ে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের বক্তব্য শোনেন জেলা প্রশাসক। তিনি সমস্যা অনুযায়ী প্রয়োজনীয় পরামর্শ, দিকনির্দেশনা এবং তাৎক্ষণিক সহায়তা প্রদান করেন।
গণশুনানিতে ৯৯ জনকে নগদ আর্থিক সহায়তা দেওয়া হয়। এছাড়া চিকিৎসকের পরামর্শপত্র অনুযায়ী ৬ জনের ওষুধ ক্রয়ের ব্যবস্থা করা হয়। একজন অসহায় নারীর জন্য গৃহ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি ভ্যান চুরির শিকার হওয়া এক ভ্যানচালকের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে একটি নতুন ভ্যান কিনে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়।
এছাড়া ২৯ জনকে তাদের সমস্যার ধরন অনুযায়ী পুলিশ সুপারের কার্যালয়, জেলা রেজিস্ট্রারের কার্যালয়, শেরপুর পৌরসভা, শেরপুর সদর, নকলা ও নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, বিভিন্ন ভূমি অফিস, জেলা ও উপজেলা সমাজসেবা কার্যালয়, সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের কার্যালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে প্রয়োজনীয় নির্দেশনা ও পরামর্শসহ প্রেরণ করা হয়।

