নিজস্ব প্রতিবেদক :
কিশোরগঞ্জের ভৈরবে মাদকবিরোধী অভিযানে দেড় কেজি গাঁজাসহ স্বপ্না আক্তার (৩৫) ও ফরিদ খা (৫০) নামে দুজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (২ নভেম্বর) বিকেলে ভৈরবপুর এলাকায় সৈয়দ নজরুল ইসলাম সেতুর পশ্চিম পাশে ঢাকা-সিলেট মহাসড়কের টোল প্লাজার সামনে থেকে তাঁদের আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের ‘খ’ সার্কেলের একটি দল বিকেল পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করে। এ সময় তাঁদের কাছ থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটক স্বপ্না আক্তার ও ফরিদ খা সম্পর্কে স্বামী-স্ত্রী। তাঁদের বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলার উত্তর ইসলামপুর এলাকায়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. এনায়েত হোসেন জানান, এ ঘটনায় অধিদপ্তরের পরিদর্শক চন্দন গোপাল সুর বাদী হয়ে আটক ব্যক্তিদের বিরুদ্ধে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

