অবৈধভাবে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা সীমান্ত অতিক্রম ভারতে অনুপ্রবেশ করার পর ফেরত আসার সময় ভারতীয় খাসিয়াদের বন্দুকের গুলিতে চার বাংলাদেশি আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় উপজেলার জুমগাঁও-মোকামছড়া সীমান্তে এই ঘটনা ঘটে ।
গুলিবিদ্ধরা হলেন-দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পেকপাড়া গ্রামের ওয়াজিদ মিয়ার ছেলে মাসুক মিয়া (৪০) ও তার ছোট ভাই ইমান আলী (৩৫), একই গ্রামের আজাদ মিয়ার ছেলে নয়ন মিয়া (৩৫) ও ঝুমগাঁও গ্রামের আজিজ মিয়ার ছেলে সুমন মিয়া (৩২)।
বাংলাবাজার ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল কাদির বলেন, শুনেছি- খাসিয়াদের গুলিতে চারজন আহত হয়েছে। আহতদের পরিবার গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি স্বীকার করেনি।
বিজিবির সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুবুর রহমান বলেন, সন্ধ্যায় দোয়ারাবাজার উপজেলার জুমগাঁও সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে চারজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। তারা চিকিৎসার জন্য সিলেটে রওনা হয়েছে বলে জানা গেছে।
তিনি আরও জানান, গুলিবিদ্ধরা সন্ধ্যার পর সীমান্ত থেকে কাঠ আনতে গিয়েছিল। ঘটনাটির খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব দুলাল ধর জানান, ঝুমগাঁও সীমান্ত এলাকায় ভারতীয় খাসিয়াদের গুলিতে চারজন আহত হয়েছে বলে জানতে পেরেছি।

