রাজধানীর পল্লবীতে মাকে হত্যার অভিযোগে ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম মো. সুজন বিশ্বাস। রবিবার দুপুরে ঢাকার সাভারের রেডিও কলোনী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আবদুল হালিম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার বিকালে পল্লবীর সেকশন-১২ বি নম্বর ব্লকে ছেলে সুজনের লাঠির আঘাতে সৎ মা শাহানা আক্তার মারা যান। টাকা চেয়ে না পাওয়ায় ক্ষিপ্ত হয়ে সুজন তার মায়ের মাথায় আঘাত করেন। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই শাহানার মৃত্যু হয়। এই ঘটনায় নিহতের ছেলে ইমরুল হক বাদী হয়ে মামলা করেন। এরপরই অভিযুক্ত ধরতে পুলিশি অভিযান চালানো হয়। আজ দুপুরে সুজনকে গ্রেপ্তার করা হয়।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, নিহত শাহানা আক্তারের স্বামী একাধিক বিয়ে করেছেন। একপক্ষ্যের ছেলে সুজন। শাহানার স্বামী একটি বাড়ির কেয়ারটেকার হিসেবে কাজ করেন। ঘটনার দিন বাড়ির নিচতলায় গ্যারেজে সুজন তার সৎ মায়ের কাছে টাকা চান। টাকা না পাওয়ায় ক্ষিপ্ত হয়ে মাংস কাটার একটি গোলাকৃতির কাঠ দিয়ে সজোরে মাথায় আঘাত করেন। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্ততে ধরতে তথ্য-প্রযুক্তির সহায়তায় পুলিশ জানতে পারে সুজন বিশ্বাস ঢাকার রেডিওকলোনি এলাকায় অবস্থান করছে। পরে আজ দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।

