Durnitibarta.com
ঢাকাবৃহস্পতিবার , ১৫ সেপ্টেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

ফুফুর বাড়ি বেড়াতে এসে তরুণের আত্মহত্যা

প্রতিবেদক
Mym Office
সেপ্টেম্বর ১৫, ২০২২ ৪:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

রাজধানীর উত্তর বাড্ডার সাতারকুল এলাকায় ফুফুর বাসায় বেড়াতে এসে গলায় ফাঁস দিয়ে মোহাম্মদ রবিন (১৯) নামের এক তরুণ আত্মহত্যা করেছেন।

বুধবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৯টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের দুলাভাই আল-আমিন বলেন, রবিন গ্রামের বাড়িতে কৃষিকাজ করতেন। তার বাবাও কৃষি কাজ করেন, পাশাপাশি তিনি ঢাকায় রিকশা চালান। রবিনের বাবা সাঁতারকুল এলাকায় বোনের বাসায় থাকতেন। রবিন দুই দিন আগে ঢাকায় বেড়াতে এসে ওই বাড়িতে ওঠেন। রবিনের ফুফু পোশাক কারখানায় চাকরি করতেন। আজ (বুধবার) দুপুরের দিকে রবিনকে বাসায় একা রেখে ওর বাবা রিকশা নিয়ে কাজে যান। তার ফুফুও কাজে চলে যান।

তিনি বলেন, রবিন বাসায় একাই ছিলেন। সন্ধ্যার দিকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আল-আমিন জানান, রবিন ১৫-১৬ দিন আগে বিয়ে করেছেন। স্ত্রীকে গ্রামের বাড়িতে রেখেই ঢাকায় আসেন তিনি। তবে কী কারণে তিনি গলায় আত্মহত্যা করেছেন সে বিষয়ে আমরা কিছু জানি না। রবিনের কিছুদিন আগে মারাত্মক একটি রোগ হয়। রোগ হওয়ার পর থেকে উঠে তিনি বিভিন্ন সময় আত্মহত্যা করার কথা বলতেন বলেও জানান আল-আমিন।

তিনি আরও জানান, নিহত রবিন ময়মনসিংহের ফুলপুর থানার মো. বাচ্চু মিয়ার ছেলে। রবিনের এক ভাই ও এক বোন রয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।