Durnitibarta.com
ঢাকাশনিবার , ১০ আগস্ট ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

দানবাক্সের টাকা চুরির চেষ্টা, কর্মচারী আটক

প্রতিবেদক
Mym Office
আগস্ট ১০, ২০২৪ ৬:৩১ অপরাহ্ণ
Link Copied!

বার্তা ডেস্কঃ আশ্রমের দানবাক্স থেকে টাকা চুরি করে পালানোর সময় এক কর্মচারীকে আটক করেছে এলাকাবাসী। শুক্রবার (৯ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে নারায়ণগঞ্জ শহরের রামকৃষ্ণ মিশনে এই ঘটনা ঘটে।

আটক হওয়া রামকৃষ্ণ মিশন আশ্রমের ওই কর্মচারী একজন কিশোর, তাই সাংবাদিকতার নীতিমালা অনুযায়ী তার নাম দেওয়া হয়নি। তবে এই ঘটনায় জড়িত অপর এক কর্মচারী পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে শহরের রামকৃষ্ণ মিশন আশ্রমের দানবাক্সের টাকা চুরি করে নিয়ে পালানোর চেষ্টা করে ওই আশ্রমেরই দুই কর্মচারী। আশ্রমের ছাত্রাবাসে থাকা ছাত্ররা টের পেয়ে ধাওয়া দিলে ওই দুই কর্মচারী আত্মগোপন করে। আজ শনিবার (১০ আগস্ট) সকাল ৬টার দিকে আশ্রমের নিরাপত্তার দায়িত্বে থাকা শিক্ষার্থী ও এলাকাবাসী এক কর্মচারীকে টাকাসহ আটক করে।

ওই এলাকার একজন বাসিন্দা মালিক শফিউদ্দিন বলেন, ‘আমরা শুনেছি আশ্রমের মহারাজকে গলাচেপে হত্যার চেষ্টা করেছে তাঁর দুই কর্মচারী। সেখানে যেকোনো দুর্ঘটনা ঘটে যেতে পারত। ’

রামকৃষ্ণ আশ্রমের মহারাজ একনাথনন্দ জানান, তাঁদের আশ্রমের দুই কর্মচারী প্রণামী বাক্সের (দানবাক্সের) টাকা চুরি করে পালানোর চেষ্টা করেছিল। এর মধ্যে এক কর্মচারীকে টাকাসহ আটক করেছে এলাকার লোকজন।

আশ্রমের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা আছে কি না জানতে চাইলে মহারাজ একনাথনন্দ বলেন, আপাতত নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি নেই। ঘটনাটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়নি।