Durnitibarta.com
ঢাকাশনিবার , ২১ ফেব্রুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরগঞ্জে সংখ্যালঘু পরিবারের পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

প্রতিবেদক
Dhaka Office
ফেব্রুয়ারি ২১, ২০২৬ ৪:০০ অপরাহ্ণ
Link Copied!

আসাদুল্লাহ হাদিস: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় পাঁচ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার হারুয়া এলাকায় এক সংখ্যালঘু পরিবারের পুকুরে এ ঘটনা ঘটে।

অভিযোগে জানা যায়, হারুয়া এলাকার পাপন দেবনাথ (৩৫) তার বাড়ির পাশে ৪০ শতকের একটি পুকুরে পাঙাশ ও দেশি জাতের শিং মাছের চাষ করে আসছিলেন। বুধবার দিবাগত রাতের কোনো এক সময় একদল দুর্বৃত্ত পুকুরের চারদিকের নেটের সীমানা উপড়ে ফেলে বিষ প্রয়োগ করে। এসময় দুর্বৃত্তরা কিছু মাছ ধরে নিয়ে যায় বলেও অভিযোগ করা হয়েছে।

বৃহস্পতিবার ভোরে বিষয়টি জানতে পেরে পাপন দেবনাথ সন্দেহভাজন একজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ২-৩ জনকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পাপন দেবনাথ জানান, জমিজমা নিয়ে পূর্ব বিরোধের জেরে এই প্রতিহিংসামূলক কাজ করা হতে পারে।

এদিকে পাপনের প্রতিপক্ষ সজল দেবনাথ অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি অনেক দিন ধরে অসুস্থ থাকায় বাড়ি যেতে পারছি না। বিরোধপূর্ণ জমিতে পাপনরাই খুঁটি দিয়ে দখলের চেষ্টা করছে। এ নিয়ে আগে একটি অভিযোগ দেওয়ার পর এখন তারা আবার নতুন নাটক তৈরির পাঁয়তারা করছে।”

এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, “অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত চলছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”