নিজস্ব প্রতিবেদক,
ময়মনসিংহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে মোট ১৩ জন মাদক কারবারি ও সেবনকারীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়। মঙ্গলবার (৯ জুন/২৬)জেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহের উপ-পরিচালক মো. আনোয়ার হোসেনের দিকনির্দেশনায় ময়মনসিংহ “খ” সার্কেল টিমের পরিদর্শক মিজ কানিজ ফাতেমার নেতৃত্বে গৌরীপুর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মো. মঞ্জুরুল (৪০) নামের এক ব্যক্তিকে ৫৫ পিস ইয়াবাসহ এবং মো. আনারুল (৪৫) নামের অপর একজনকে ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।
এ ঘটনায় গৌরীপুর থানায় দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
অপরদিকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এবং গৌরীপুর পৌর প্রশাসক সুনন্দা সরকার প্রমা’র নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গোলাম রব্বানী, ইদ্রিস আলী, সুজন মিয়া ও রাসিদকে ১৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
এছাড়া একই দিনে ময়মনসিংহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের “ক” সার্কেল টিম নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশিক খান শুষানের নেতৃত্বে কোতোয়ালী মডেল থানার পুরোহিতপাড়া, চরকালিবাড়ি, কাঠগোলা, থানারঘাট ও চর গোবিন্দপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মো. মাসুম (৩০), মো. রাহাত (৩০), মো. জনি মিয়া (২৪), মো. শিপন (২২), মো. নাছিম (৩৮), মো. রাসেল মিয়া (৩৩) ও মো. আলামিন মিয়া (৩৩)-কে মোট ৩৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রথম পাঁচজনকে ১০ দিন করে এবং শেষ দুইজনকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি প্রত্যেককে ৫০ টাকা করে মোট ৩৫০ টাকা অর্থদণ্ড করা হয়। ময়মনসিংহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আনোয়ার হোসেন বলেন,”মাদকের বিরুদ্ধে আমাদের কঠোর অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

