বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ড দিবসকে কেন্দ্র করে ধানমন্ডি ৩২ নম্বর ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় পুলিশ ও র্যাবের অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে।
সরেজমিনে দেখা যায়, ধানমন্ডি ৩২ নম্বরের মূল প্রবেশপথে ব্যারিকেড দিয়ে পথ চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। ব্যারিকেডের ভেতরে ও পশ্চিম পাশে সতর্ক অবস্থানে রয়েছেন পুলিশ ও র্যাব সদস্যরা। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় একটি জলকামানও প্রস্তুত রাখা হয়েছে।
এরই মধ্যে সকালের দিকে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গিয়ে অর্ণব দাস (৩৭) নামে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) সকালে ধানমন্ডি ৩২ এলাকায় অবস্থানকালে তাকে আটক করা হয়। পরে পুলিশের গাড়িতে করে তাকে ধানমন্ডি থানায় নেওয়া হয়। নিরাপত্তাবেষ্টনী জোরদার থাকায় পুরো এলাকায় অন্য কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এদিকে ১৫ আগস্টকে কেন্দ্র করে পুরো ঢাকা মহানগরজুড়ে ব্যাপক ও বহুমাত্রিক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, রাজধানীজুড়ে নিরাপত্তা ও তল্লাশিচৌকি জোরদার করা হয়েছে। ঢাকা মহানগরের প্রবেশপথগুলোতে বিশেষ তল্লাশি কার্যক্রম পরিচালিত হচ্ছে। গুরুত্বপূর্ণ স্থান ও জনসমাগমস্থলে বিশেষায়িত সোয়াট, বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়করণ ইউনিট এবং ডগ স্কোয়াড সুইপিং কার্যক্রম পরিচালনা করছে। এছাড়াও পুরো এলাকা সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে নজরদারির আওতায় আনা হয়েছে।
ডিএমপির অভ্যন্তরীণ গোয়েন্দা (আইএডি) ও সিটিএসবি সদস্যরা সাদাপোশাকে নজরদারি চালাচ্ছেন। অতিরিক্ত হিসেবে র্যাব ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) টিম মোতায়েন রয়েছে। জরুরি পরিস্থিতি দ্রুত সামাল দিতে পর্যাপ্ত ‘কুইক রেসপন্স টিম’ (কিউআরটি) প্রস্তুত রাখা হয়েছে। বাস টার্মিনাল, লঞ্চঘাট, রেলস্টেশন, মেট্রোস্টেশন ও শপিংমলসহ সংবেদনশীল এলাকাগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্যরা দায়িত্ব পালন করছেন।
সার্বিক নিরাপত্তা বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ ওসমান গণি বলেন, “১৫ আগস্ট ঘিরে যাতে নিষিদ্ধ কোনো সংগঠন কোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতা ঘটাতে না পারে, সেজন্য রাজধানীতে ডিএমপির বিভিন্ন ইউনিটকে মোতায়েন রাখা হয়েছে। তবে বর্তমানে কোনো সুনির্দিষ্ট হুমকি বা নাশকতার আশঙ্কা নেই।”

