Durnitibarta.com
ঢাকাবুধবার , ২৫ মার্চ ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

টঙ্গীতে অপহরণের শিকার ঈশ্বরগঞ্জের সাংবাদিক আব্দুল আউয়াল

প্রতিবেদক
Editor
মার্চ ২৫, ২০২৬ ৬:১০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :

গাজীপুরের টঙ্গীতে অপহরণের শিকার হয়েছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সাংবাদিক আব্দুল আউয়াল। গত ১৭ মার্চ রাত আনুমানিক ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে টঙ্গীর আশরাফ সেতু মার্কেটের সামনে থেকে তাকে জোরপূর্বক একটি সিএনজিতে তুলে নেয় দুর্বৃত্তরা।
ভুক্তভোগী আব্দুল আউয়াল জানান, ঘটনার দিন তিনি ঈশ্বরগঞ্জে অবস্থিত তার ‘সাংবাদিক কালেকশন’ নামের গার্মেন্টস দোকানের জন্য শার্ট ক্রয় করে বাড়ি ফেরার অপেক্ষায় ছিলেন। এ সময় হঠাৎ কয়েকজন অজ্ঞাত ব্যক্তি একটি সিএনজি নিয়ে এসে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।
অপহরণের পর দুর্বৃত্তরা তাকে শারীরিকভাবে নির্যাতন করে এবং তার কাছে থাকা মালামাল ছিনিয়ে নেয়। তার কাছ থেকে প্রায় ৫০ হাজার টাকার শার্টের গাইড, নগদ ৪০ হাজার টাকা এবং আনুমানিক ৩২ হাজার টাকা মূল্যের দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। এ সময় তাকে মারধর করা হয় এবং মাথার বাম পাশে আঘাত করা হয়।
পরে অপহরণের প্রায় দুই ঘণ্টা পর রাত আনুমানিক ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে দুর্বৃত্তরা তাকে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার পূর্বাচল এলাকায় ফেলে রেখে যায়। স্থানীয় এক ব্যক্তির সহায়তায় তিনি সেখান থেকে উদ্ধার হয়ে নিরাপদে বাড়ি ফিরে আসেন।
এ ঘটনায় সাংবাদিক মহলে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে। তারা জানান, একজন সাংবাদিকের ওপর অপহরণ ও ছিনতাইয়ের মতো ন্যক্কারজনক ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের অপরাধ দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যা পেশাগত নিরাপত্তা ও সামগ্রিক আইনশৃঙ্খলার জন্য বড় হুমকি।
সাংবাদিক নেতৃবৃন্দ প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে জড়িতদের শনাক্ত করে গ্রেফতার করতে হবে এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান তারা।
তারা আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে শুধু সাংবাদিক নয়, সাধারণ ব্যবসায়ী ও জনগণও অপহরণ ও ছিনতাইয়ের ঝুঁকিতে রয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জরুরি ভিত্তিতে কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন।