নিজস্ব প্রতিবেদক:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অষ্টমীর স্নানের মেলাকে ঘিরে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪-৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার লাঠিয়ামারী ব্রহ্মপুত্র নদের পাড়ের স্নানঘাট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
সংঘর্ষে গুরুতর আহত জুয়েল মিয়াকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্য আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নেওয়ায় তাদের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, অষ্টমী স্নান উপলক্ষে লাঠিয়ামারী স্নানঘাট এলাকায় প্রতি বছরের মতো এবারও মেলা বসে। মেলার পাশেই জুয়া খেলার আসর বসানো হয়। এ নিয়ে উজানচর নওপাড়া ও লাঠিয়ামারী এলাকার কয়েকজন যুবকের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে লাঠিসোটা নিয়ে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
লাঠিয়ামারী স্নান উৎসব পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী জনি দে বলেন, অষ্টমীর স্নানের মেলায় এ ধরনের ঘটনা দুঃখজনক। পুলিশ প্রশাসনের আরও সক্রিয় নজরদারি থাকলে এমন পরিস্থিতি এড়ানো সম্ভব হতো।
এ বিষয়ে রাজীবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলী ফকির জানান, জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এটি মেলার ভেতরে নয়, উজানচর নওপাড়ার সড়কে সংঘটিত হয়েছে। জুয়েল নামে এক ব্যক্তি জুয়া খেলায় বাধা দিলে সংঘর্ষের সূত্রপাত হয় এবং পরে তা ছড়িয়ে পড়ে।
উল্লেখ্য, গত ২২ মার্চ ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত এক টাউন হল সভায় জাতীয় সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু মাদক, অনলাইন ক্যাসিনো ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা দেন। এরপর থেকে স্থানীয় ছাত্র-যুবসমাজ এসবের বিরুদ্ধে অবস্থান জোরদার করেছে।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রবিউল আজম জানান, অষ্টমীর স্নানঘাট এলাকায় পুলিশ মোতায়েন ছিল। জুয়া নিয়ে সংঘর্ষের বিষয়টি নিশ্চিত নয়। দোকান বসানোকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে কথা কাটাকাটি থেকে সংঘর্ষের ঘটনা ঘটে, এতে জুয়েল নামে একজন আহত হন। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

