অনলাইন ক্যাসিনোর অবৈধ কার্যক্রম নিয়ে সংবাদ প্রকাশের জেরে এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চরম নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে ঢাকার কেরাণীগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক মো. ফয়সাল হাওলাদার।
মো. ফয়সাল হাওলাদার দৈনিক ‘প্রতিদিনের কাগজ’-এর ক্রাইম রিপোর্টার এবং বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়ন (বসকো)-এর কেন্দ্রীয় কমিটির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
জিডি সূত্রে জানা যায়, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ এলাকায় সাংবাদিকতার আড়ালে পরিচালিত অনলাইন ক্যাসিনো ব্যবসা নিয়ে সম্প্রতি ফয়সাল হাওলাদার “সংবাদিক পরিচয়ের আড়ালে অনলাইন ক্যাসিনোর রমরমা বাণিজ্য, ধ্বংসের মুখে তরুণ সমাজ” শিরোনামে একটি ভিডিও সংবাদ প্রকাশ করেন। সংবাদটি প্রকাশের পর থেকেই সংশ্লিষ্ট চক্রের সদস্যরা তাঁর ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে।
অভিযোগে উল্লেখ করা হয়, সংবাদ প্রকাশের পর অভিযুক্ত এটিএম সালাম এবং তাঁর সহযোগীরা বিভিন্ন মোবাইল নম্বর থেকে ফোন করে ফয়সালকে হুমকি প্রদান, অকথ্য ভাষায় গালিগালাজ এবং ভয়ভীতি প্রদর্শন করে আসছেন। সর্বশেষ গত ৭ জুন (২০২৬) বিকেল আনুমানিক ৩টার দিকে কেরাণীগঞ্জ উপজেলার শাক্তা ইউনিয়নের খোলামোড়া জিয়ানগর এলাকায় নিজ অবস্থানে থাকা অবস্থায় তিনি এসব হুমকি পান।
সাংবাদিক ফয়সাল হাওলাদার বলেন, “পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে জনস্বার্থে আমি এই সংবাদ প্রকাশ করেছি। কিন্তু এর পর থেকেই আমাকে ও আমার পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। বর্তমানে আমরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছি।” এ অবস্থায় নিজের এবং পরিবারের নিরাপত্তার স্বার্থে তিনি কেরাণীগঞ্জ মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি নং-৪১৯, তারিখ: ০৭ জুন ২০২৬) অন্তর্ভুক্ত করেন।
এই ঘটনার পর স্থানীয় ও কেন্দ্রীয় সাংবাদিক নেতৃবৃন্দ তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। সাংবাদিক মহল মনে করে, গণমাধ্যমকর্মীদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে যেকোনো ধরনের হুমকি বা ভয়ভীতি প্রদর্শন স্বাধীন গণমাধ্যমের কণ্ঠরোধ করার শামিল। নেতৃবৃন্দ এই অভিযোগটি গুরুত্ব সহকারে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানিয়েছেন।

