ময়মনসিংহের নান্দাইলে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘ডিসি’স সাইন্স ট্যালেন্ট হান্ট’ বিজ্ঞান অলিম্পিয়াড’। শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা সৃষ্টি, মেধা ও সৃজনশীলতার বিকাশ এবং উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করতে আয়োজিত এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা অংশ নেয়।
শনিবার (২৯ আগস্ট) নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে উপজেলা পর্যায়ের এ বিজ্ঞানভিত্তিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আয়োজক সূত্রে জানা গেছে, অলিম্পিয়াডে উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের অষ্টম থেকে দশম শ্রেণির ১৯৩ জন এবং কলেজ পর্যায়ের একাদশ ও দ্বাদশ শ্রেণির ২১ জন শিক্ষার্থী অংশ নেয়। শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক জ্ঞান, মেধা ও সৃজনশীল চিন্তাশক্তি যাচাইয়ের লক্ষ্যে ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
মাধ্যমিক পর্যায়ে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত পাঁচজন এবং একাদশ দ্বাদশ শ্রেণি পর্যায়ে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত পাঁচজন শিক্ষার্থী জেলা পর্যায়ের বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণের সুযোগ পাবে।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহ্ উদ্দিন মাহমুদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মফিজুল ইসলাম এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন, নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হাসনাত মাহমুদ তালহা ভূইয়া সহ বিদ্যালয়ের শিক্ষক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির দ্রুত অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক জ্ঞান, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তায় দক্ষ করে গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ বিজ্ঞানচর্চায় উৎসাহিত করার পাশাপাশি তাদের মেধা বিকাশেও এ প্রতিযোগিতা কার্যকর ভূমিকা রাখবে।
প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। আয়োজকরা জানান, বিজ্ঞানচর্চার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবেশ সুরক্ষা, বৃক্ষরোপণ এবং সবুজ পরিবেশ গড়ে তোলার বিষয়ে উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

