Durnitibarta.com
ঢাকাবৃহস্পতিবার , ৮ অক্টোবর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

শরীফপুরে জমজমাট নির্বাচনী মাঠ: ভোটারদের দ্বারে দ্বারে মিজানুর রহমান হামিদী

প্রতিবেদক
Dhaka Office
অক্টোবর ৮, ২০২৬ ৪:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধিঃ আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে জামালপুর সদর উপজেলার ২নং শরীফপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে ইতোমধ্যে সরগরম হয়ে উঠেছে রাজনৈতিক ও নির্বাচনী মাঠ। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা ভোটারদের সঙ্গে গণসংযোগ, মতবিনিময়, সভা-সমাবেশ ও প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।

এরই ধারাবাহিকতায় শরীফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ব্যাপক জনসমর্থন নিয়ে মাঠে রয়েছেন শরীফপুর ইউনিয়নের কৃতি সন্তান, ইউনিয়ন বিএনপির সভাপতি এবং দীর্ঘ তিন যুগেরও বেশি সময় ধরে দলের বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডে জীবন উৎসর্গকারী পরীক্ষিত নেতা মোঃ মিজানুর রহমান হামিদী। স্থানীয়দের কাছে তিনি একজন অত্যন্ত পরিচিত মুখ এবং পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে দীর্ঘদিন ধরে গণমানুষের সঙ্গে সম্পৃক্ত থেকে কাজ করে আসছেন।

নির্বাচনকে সামনে রেখে মোঃ মিজানুর রহমান হামিদী নিয়মিত ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এরই অংশ হিসেবে সম্প্রতি শরীফপুর বাজারে গণসংযোগ, স্থানীয় ব্যবসায়িক ও সাধারণ মানুষদের সাথে তিনি কুশল বিনিময় করেন। এছাড়া বিভিন্ন স্থানে তিনি ঘরোয়া কিছু আলোচনা সভাতেও অংশ নেন। এর আগে গত রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে হামিদপুর গ্রামে নিজ বাড়িতে এক জাঁকজমকপূর্ণ নির্বাচনী সমাজভিত্তিক আলোচনা সভার মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করেন।

তাঁর এই প্রচার-প্রচারণা, বাজার গণসংযোগ এবং ঘরোয়া আলোচনা সভাকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সাক্ষাৎ করে তিনি এলাকার সমস্যা, উন্নয়ন ও জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করছেন।

সমর্থকদের দাবি, মোঃ মিজানুর রহমান হামিদী শরীফপুর ইউনিয়নের মানুষের সুখে-দুঃখে সবসময় পাশে থাকতে চান এবং নির্বাচিত হলে সাধারণ মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে কাঙ্ক্ষিত উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবেন। বিশেষ করে নাগরিক সেবা সহজ ও হয়রানিমুক্ত করা, যোগাযোগব্যবস্থা বা রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধ, সামাজিক নিরাপত্তা এবং তরুণদের জন্য ইতিবাচক কর্মকাণ্ডকে গুরুত্ব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করছেন তিনি ও তাঁর অনুসারীরা।

নির্বাচন যত ঘনিয়ে আসছে, শরীফপুর ইউনিয়নে চেয়ারম্যান পদকে ঘিরে ততই বাড়ছে আলোচনা। শেষ পর্যন্ত ভোটাররা কাকে তাদের প্রতিনিধি হিসেবে বেছে নেবেন, তা জানতে অপেক্ষা করতে হবে নির্বাচনের ফলাফল পর্যন্ত. তবে এরই মধ্যে মোঃ মিজানুর রহমান হামিদীর বাজার গণসংযোগ, ঘরোয়া আলোচনা, মাঠপর্যায়ের রাজনৈতিক পরিচিতি এবং সমাজভিত্তিক আলোচনা সভা নির্বাচনী মাঠে এক নতুন মাত্রা যোগ করেছে।