নিজস্ব প্রতিবেদক ময়মনসিংহ।।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জুমার নামাজের পূর্বে মাদক ও অনলাইন জুয়ার ক্ষতিকর দিক এবং গরু চুরি প্রতিরোধে করণীয় বিষয়ে মুসল্লিদের সচেতন করেছেন ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ রোমন। শুক্রবার (৯ অক্টোবর/২৬) উপজেলার মাইজবাগ ইউনিয়নের বটতলা এলাকার বটতলা বাইতুল রহমত জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন তিনি। জুম্মার নামাজের
পূর্বে উপস্থিত মুসল্লিদের সঙ্গে কথা বলেন ওসি।
এ সময় মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহ কুফল তুলে ধরে এসব সামাজিক অপরাধ থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি। পাশাপাশি এলাকায় গরু চুরি প্রতিরোধে সতর্কতা অবলম্বন, সন্দেহজনক ব্যক্তির চলাফেরার বিষয়ে খোঁজখবর রাখা এবং যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দ্রুত পুলিশকে জানানোর গুরুত্ব তুলে ধরেন। অপরাধ প্রতিরোধে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন বলে উল্লেখ করেন ওসি মো. সাজ্জাদ রোমন। তিনি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক, অনলাইন জুয়া ও গরু চুরিসহ বিভিন্ন অপরাধ দমনে সবার সহযোগিতা কামনা করেন।#

