Durnitibarta.com
ঢাকাবৃহস্পতিবার , ৮ অক্টোবর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরগঞ্জে সেবা,শিক্ষা ও নিরাপত্তায় নজর জেলা প্রশাসকের

প্রতিবেদক
Mym Office
অক্টোবর ৮, ২০২৬ ৯:৪২ অপরাহ্ণ
Link Copied!

আবদুল কাদির :

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা নিয়মিত পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর/২৬) তিনি উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান ও মন্দির পরিদর্শন করেন।
পরিদর্শনের শুরুতে জেলা প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, সহকারী কমিশনার (ভূমি)-এর কার্যালয়, ঈশ্বরগঞ্জ থানা ও সরিষা ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন সরকারি দপ্তর ঘুরে দেখেন। এ সময় তিনি দাপ্তরিক কার্যক্রমের অগ্রগতি ও সরকারি সেবার মান পর্যালোচনা করেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের তিনি প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন।
পরে বিভিন্ন অংশীজনের অংশগ্রহণে আয়োজিত মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক। মাদকের ভয়াবহতা তুলে ধরে তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় জনগণকে একসঙ্গে কাজ করতে হবে। এ ক্ষেত্রে সামাজিক সচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।
জেলা প্রশাসক উপজেলার কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান আকস্মিকভাবে পরিদর্শন করেন। সেখানে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা ও সহশিক্ষা কার্যক্রমে আরও গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন।
পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে সরিষা ডেকুয়ারচর দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন তিনি। পরে নিজ সরিষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মডেল ফুলের বাগানের উদ্বোধন করেন। এ সময় তিনি শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্ন, নান্দনিক ও শিক্ষাবান্ধব পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করেন।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার বিভিন্ন মন্দিরও পরিদর্শন করেন জেলা প্রশাসক। তিনি পূজার প্রস্তুতি, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজ নেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এ সময় তিনি সকলের সম্মিলিত সহযোগিতায় শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের আশাবাদ ব্যক্ত করেন।#