বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি, ময়মনসিংহ জেলা শাখার নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি অনুষ্ঠান ২০২৬ সম্পন্ন হয়েছে। শনিবার (১০ অক্টোবর) জেলা পরিষদ আব্দুল জব্বার মিলনায়তন সম্মেলন কক্ষে আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সিনিয়র ইউপি প্রশাসনিক কর্মকর্তা ও জেলা কমিটির আহ্বায়ক নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার ময়মনসিংহের উপ-পরিচালক (ডিডিএলজি) উম্মে হাবীবা মীরা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার ময়মনসিংহের সহকারী পরিচালক সোনিয়া হাসান জিসান।
অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান আহ্বায়ক নজরুল ইসলাম। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে কবির উদ্দিন, সাধারণ সম্পাদক হিসেবে মতিউর রহমান, সিনিয়র সহ-সভাপতি হিসেবে আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক হিসেবে আশরাফ আলী হৃদয় এবং অর্থ সম্পাদক হিসেবে বজলুল হক আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে ডিডিএলজি উম্মে হাবীবা মীরা বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধনে চলতি মাসে ময়মনসিংহ জেলা প্রথম স্থান অর্জন করেছে এবং সামগ্রিকভাবে দেশের মধ্যে বর্তমানে অষ্টম অবস্থানে রয়েছে। আমরা যদি নিজ নিজ অবস্থান থেকে আরেকটু নিষ্ঠা ও গুরুত্বের সাথে কাজ করি, তবে খুব শীঘ্রই সারা দেশের মধ্যে পঞ্চম স্থান অর্জন করা সম্ভব।
কর্মকর্তাদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পারিবারিক ভারসাম্যের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, পরিবারের প্রতি যত্নশীল হওয়ার পাশাপাশি কর্মক্ষেত্রে শতভাগ দায়বদ্ধ থাকতে হবে। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত যেন নিরবচ্ছিন্ন জনসেবা নিশ্চিত থাকে, সে লক্ষ্যে সবাইকে সময়মতো অফিসে উপস্থিত থাকতে হবে। বিশেষ প্রয়োজনে বাইরে গেলে বিকল্প কাউকে দায়িত্ব দিয়ে যেতে হবে, যাতে সেবাগ্রহীতারা ভোগান্তিতে না পড়েন। কাজে কোনোভাবেই ফাঁকি দেওয়া যাবে না। সততা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করলে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। বক্তব্য শেষে তিনি ময়মনসিংহকে এগিয়ে নিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
আনুষ্ঠানিক অধিবেশন শেষে নবনির্বাচিত কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে দোয়া, মিলাদ মাহফিল ও পারস্পরিক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

