তপু রায়হান রাব্বি
ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি রেজাউল করিম (৩৮)কে বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার রেজাউল করিম ফুলপুর উপজেলার বাশাটি মাইজপাড়া গ্রামের মৃত শাহ জামাল ওরফে নয়নের ছেলে।
পুলিশ জানায়, জমির সীমানা নিয়ে বিরোধের জেরে ২০০৭ সালে রেজাউল তার ফুপাতো ভাই ফারুককে (৩৭) লোহার শাবল দিয়ে মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই ফারুকের মৃত্যু হয়। পরে রেজাউল বিদেশে পালিয়ে যান। দীর্ঘদিন পর অভিযান চালিয়ে বাশাটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফিরোজ হোসেন বলেন, রেজাউল ফুলপুর থানার একটি হত্যা মামলার আসামি, থানার মামলা নং ০১(০৬)০৭ এবং দীর্ঘদিন বিদেশে পলাতক ছিলেন।
পরে মাননীয় পুলিশ সুপার মোঃ কামরুল হাসান ও ফুলপুরের সার্কেল এএসপি তাহমিনা আক্তার স্যারের দিকনির্দেশনায় বিশেষ কৌশলে বাশাটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।

