ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। ফুলপুর উপজেলার কাড়াহা বিদ্যুৎ অফিসের সামনে থেকে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে রাখা হয়েছে।
জানা যায়, মঙ্গলবার রাতের কোনও এক সময় ওই দুর্ঘটনা ঘটে। রাত সাড়ে তিনটার দিকে ঢাকা-হালুয়াঘাট মহাসড়ক দিয়ে ফুলপুরের কাড়াহা নামক স্থান অতিক্রম করার সময় এক সিএনজি চালকের চোখে পড়ে লাশটি।
পরে তিনি ৯৯৯-এ ফোন করে পুলিশকে জানালে ফুলপুর থানার এসআই মোফাখখিরের নেতৃত্বে লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়।
এ ব্যাপারে জানতে চাইলে ফুলপুর থানার এসআই মোফাখখির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সম্ভবত ওই মহিলা আগে থেকে অসুস্থ ছিলেন। পাগুলো ফুলা, বগলের নিচে হাতলে ভর করে চলাফেরা করতো বলে মনে হচ্ছে। এছাড়া দুর্ঘটনায় তার চেহারা নষ্ট হয়ে গেছে। তিনি আরও জানান, লাশ থানায় আছে। এখনও তার পরিচয় মেলেনি।

